এবার চলন্ত বাসে এক যাত্রী কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিশ্ববিদ্যালয়গামী ৩ নম্বর একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় বাসের যাত্রীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক মো. মানিক মিয়ার (৩২) বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব সুয়াবিল এলাকায়।
এর আগে ৩ ডিসেম্বর বাড়ি থেকে ফেরার পথে বাসচালক ও তার দুই সহকারী কতৃ©ক যৌন হয়রানির শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি ৩ নম্বর তরী বাসে করে চট্টগ্রামের মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। পেছনে বসা ওই যাত্রী বারবার আমার গায়ে হাত দেয়। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। পরে দেখি অনবরত এভাবে করেই যাচ্ছে। আমি প্রতিবাদ করলে বাসের অন্য শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। আমি ওই ব্যক্তির শািস্তর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি জানার পরে আমরা জিরো পয়েন্ট পুলিশ বক্সে (ওয়াচ টাওয়ার) আসি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে অভিযুক্তকে হাটহাজারী থানায় পাঠিয়ে দিয়েছি।
