প্রধানমন্ত্রীর প্রশংসা করে সালমানের পোস্ট, লাখ লাখ লাইক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার ঢাকায় আসেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয় তাদের।

ওই সময় দুই তারকা প্রধানমন্ত্রীকে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। এর রেশ আবারও পাওয়া গেল ভাইজানের ইনস্টাগ্রামে পোস্টে।

রবিবার রাতে প্রধানমন্ত্রী ও ক্যাটরিনার সঙ্গে তোলা একটি ছবি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শেয়ার করেন সালমান।

ক্যাপশনে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। তার মতো চমৎকার নারীর সঙ্গে সাক্ষাৎ ছিলো খুবই আনন্দ ও সম্মানের।”

ওই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে সালমানের পোস্টে লাইক পড়েছে ১৬ লাখেরও বেশি।

রবিবার রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে এক ফ্রেমে প্রধানমন্ত্রীর সঙ্গে ধরা পড়েন ‘ভারত’-খ্যাত এই জুটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন বলিউডের দুই তারকা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাও বলেন তারা।

পরে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে একক ও দ্বৈত নৃত্য পরিবেশন করেন সালমান ও ক্যাটরিনা। তাদের নাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত