চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবু সুফিয়ান

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪১ পিএম

চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

মঙ্গলবার রাতে পার্লামেন্টারি কমিটির সাক্ষাৎকার গ্রহণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এই প্রার্থীর নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্তে ২০১৮ সালের নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছিলেন আবু সুফিয়ান তাকেই প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলব, এই নির্বাচন অন্তত যদি তারা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে জনগণের কিছুটা আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর ফিরে আসতে পারে।

আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক । একাদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন আবু সুফিয়ান। তবে নবম সংসদ নির্বাচনে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন এম মোরশেদ খান, যিনি সম্প্রতি বিএনপি ছেড়েছেন।

এর আগে সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী তিনজনের সাক্ষাৎকার নেন মনোনয়ন বোর্ড। পার্লামেন্টারি কমিটিতে ছিলেন বিএনপি মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকারর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

উপনির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য প্রার্থী ছিলেন আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলার আহ্বায়ক  মোশতাক আহমেদ খান ও মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ।

মঙ্গলবার রাতে আবু সুফিয়ান দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম-৮ আসনের জন্য তাকে দল মনোনীত করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে রাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

আগামী ১২ ডিসেম্বর চট্টগ্রামে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত