স্বাক্ষর জাল করে গ্রাহকের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রাজধানীর বনানী শাখার এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) মামলাটি করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা হলেন বনানী শাখার সাবেক সহকারী সহসভাপতি (এভিপি) ও প্রিভিলেন্স সেন্টার ম্যানেজার জাহিদ সারোয়ার এবং তার স্ত্রী ফারহানা হাবিব।
এজহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রিভিলেজ গ্রাহক ফেরদৌসী জামান নামীয় হিসাব থেকে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয়ে তার স্বাক্ষর জাল করেন। তারা জাল স্বাক্ষরের মাধ্যমে এসএমএস মোবাইল ব্যাংকিংয়ের জন্য গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজের একটি নম্বর পরিবর্তিত নম্বর হিসেবে ব্যবহার করেন। হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করে ৪টি চেক বই সংগ্রহ করেন। ফেরদৌসী জামানকে তিনটি চেক বই না দিয়ে নিজে রেখে দেন। তিনটি চেক বইয়ের ৬০টি পাতায় হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করেন। তারা ১৬টি চেকে গ্রাহকের বেয়ারার ইশতিয়াক হোসেন তালুকদারের স্বাক্ষর জাল করে চার কোটি ৯৭ লাখ ৮০ হাজার তুলে নিয়ে আত্মসাৎ করেন।
