ভারতের গুজরাট দাঙ্গার চূড়ান্ত প্রতিবেদনে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তবে দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে এতে বলা হয়েছে।
গত ২০০২ সালের ওই দাঙ্গা তদন্তে বিচারপতি ননাবতি মেহতার নেতৃত্বাধীন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন বুধবার বিধান সভায় উত্থাপন করা হয়।
প্রতিবেদনে গোধরার ঘটনা পরবর্তী সহিংসতার বিষয়টি উঠে আসে। ওই সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে এক হাজার মানুষ নিহত হন বলে জানায় দ্য হিন্দু।
অবশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর হিসেবে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার যাদের অধিকাংশই ছিল সংখ্যালঘু মুসলিম। দাঙ্গায় ব্যাপক হারে ধর্ষণ ও লুটপাটের ঘটনাও ঘটে। অভিযোগ উঠে, দাঙ্গা নিয়ন্ত্রণে নিষ্ক্রিয় ছিল রাজ্য সরকার ও প্রশাসন।
প্রতিবেদনে গোধরার ঘটনা পরবর্তী দাঙ্গার দায় থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যদের দায়মুক্তি দেওয়া হয়। কমিশনের দাবি, ওই দাঙ্গা পরিকল্পিত ছিল না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার।
তবে কমিশনের পর্যবেক্ষণে বলা হয়, কিছু জায়গায় পুলিশ নিষ্ক্রিয় ছিল, দাঙ্গা নিয়ন্ত্রণের সামর্থ্য ছিল না। ওই দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের একটি অংশের আগ্রহের অভাব ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গোধরা স্টেশনে ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দিলে অযোধ্যা থেকে ফেরার পথে ৫৯ করসেবক কর্মী নিহত হন। এ ঘটনায় গঠিত দুই সদস্যের কমিশনের দেওয়া প্রতিবেদনের প্রথম অংশ ২০০৯ সালে বিধানসভায় উত্থাপন করা হয়। দ্বিতীয় অংশ সম্বলিত চূড়ান্ত প্রতিবেদন ২০১৪ সালের ১৮ নভেম্বর জমা দেওয়া দেওয়া হলেও তা এতদিন বিধানসভায় উত্থাপন করা হয়নি।
