সন্ধ্যা নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ রিপোর্ট আদালতে পৌঁছাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রো-ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম বুধবার বিকেল ৩ টার দিকে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, রিপোর্ট তৈরির কাজ চলছে। সন্ধ্যা নাগাদ আমরা রিপোর্ট পাঠাব আদালতে। এখন বোর্ড সদস্যরা রিপোর্ট তৈরির কাজ করছেন। বোর্ডের সদস্যরা রোগীকে দেখার পর যে রিপোর্ট দেন তা সামারি করা হচ্ছে।
গত ৫ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন। কিন্তু বিএসএমএমইউ কর্তৃপক্ষ সেদিন রিপোর্ট পাঠাতে ব্যর্থ হয়। তখন আদালত ১১ ডিসেম্বর খালেদা জিয়ার রিপোর্ট আদালতে পাঠানোর নির্দেশ দেন বিএসএমএমইউ কর্তৃপক্ষকে।
