চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ব্যবস্থাপনা বিভাগে এমবিএ পরীক্ষার ভাইভা দিতে এসে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। তার নাম মোহাম্মদ ইমরান মক্কী। এ সময় আবদুল মালেক নামে তার এক বন্ধুকেও মারধর করে ছাত্রলীগে নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে শিবির সন্দেহে বিভাগের ভাইভা চলাকালে এ ঘটনা ঘটে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। হামলাকারীরা চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের এমবিএ পরীক্ষার ভাইভা চলাকালে মৌখিক পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ইমরানকে টেনেহিঁচড়ে নিয়ে যায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপুর অনুসারীরা। এ সময় ‘শিবির আখ্যা’ দিয়ে তারা মারধর করে তাকে। এতে অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কিছু সময়ের জন্য ভাইভা পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে বিভাগের শিক্ষকরা বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমি বিষয়টি শুনেছি।
