ভারতের হায়দরাবাদে পুলিশের ‘এনকাউন্টারে’ ধর্ষণে অভিযুক্ত চার ব্যক্তির নিহতের ঘটনায় দেশটির সর্বোচ্চ আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এ তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভিএস সিরপুরকার, বোম্বে হাইকোর্টের বিচারপতি রেখা প্রকাশ সন্দুর ও সাবেক সিবিআই পরিচালক ডিআর কার্তিকেয়ান। আগামী ছয় মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ তদন্ত করতে পারবে না। এর ফলে তেলেঙ্গানা সরকারের গঠিত আট সদস্যের কমিটি ও জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না।
গত সপ্তাহে ২৬ বছরের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে এ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৭ নভেম্বর তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে পাওয়া যায় ২৭ বছর বয়সী এক নারী পশু চিকিৎসকের পুড়ে যাওয়া মরদেহ।
২৯ নভেম্বর অভিযুক্তদের সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৬ ডিসেম্বর পুলিশ জানায় ‘তদন্তের স্বার্থে’ ওই নারীর মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয় সেখানে সকালে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল সাদনগর মহাসড়কে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ‘এনকাউন্টারে’ নিহত হয় আসামিরা।
