মাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত রাজধানীর দুটি ক্লাবের নিবন্ধন বাতিলের ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ঢাকা সমাজসেবা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাব দুটি হলো– কলাবাগান ক্রীড়াচক্র ও বনানী ক্লাব। ক্যাসিনোকাণ্ডের কারণেই সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এই ক্লাব দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘তাদের নোটিস দিয়েছি; চিঠির জবাব পেলেই রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত হবে।’
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাসিনোকাণ্ডে ‘জড়িত’ এমন ১৫টি ক্লাবের নাম উল্লেখ করা হয়েছে। ক্লাবগুলো হলো : ফুলবাগান ক্লাব (মিরপুর), চলন্তিকা ক্লাব (মিরপুর), আরামবাগ ক্রীড়াচক্র, ইয়ং ম্যানস (ফকিরাপুল), মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্লাব, দিলকুশা ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, বনানী গোল্ডেন ক্লাব, ঢাকা ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়াচক্র এবং বনানী ক্লাব। প্রতিবেদনে বলা হয়, জড়িত ১৫টি ক্লাবের মধ্যে প্রথম ১৩টি সমাজসেবা কার্যালয়, ঢাকার নিবন্ধিত নয়। কলাবাগান ক্রীড়া চক্র ও বনানী ক্লাব দুটি নিবন্ধিত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে।
