শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু হাসু-কাসু বাহিনীর মূল হোতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৩৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-৪ এর একটি দল পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে শেরে বাংলা নগরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে হাসুকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলিও ১১২২ পিস ইয়াবা।
হাসু-কাসু বাহিনীকে মিরপুর, আগারগাঁও ও শেরে বাংলা নগরসহ আশপাশের এলাকায় মূর্তিমান আতঙ্ক হিসেবে উল্লেখ করেন অনেকে। চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ, খুন ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে।
হাসুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনখানেকের বেশি মামলা রয়েছে। এর আগে বেশ কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করলেও সুকৌশলে পালিয়ে যান।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, হাসুর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
