টেকনাফে ৮ লাখ ইয়াবাসহ আটক ৪

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ পিএম

টেকনাফে আট লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ভোরে উপজেলার রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম ওরফে কালু, ছৈয়দ হোসেনের ছেলে নুর, সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল।

র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীতে মজুদ করে রাখার প্রস্তুতি চলছে– এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার চিহ্নিত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি নুর হাফেজসহ অন্যদের আটক করা হয়। এ সময় তাদের থেকে ৮ লাখ ১০ পিস ইয়াবা, ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ও মাদক কারবারি। তিনি রোহিঙ্গা নাগরিক আবদুল হাকিম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড। হাকিম নুর হাফেজের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে আসছেন। মিয়ানমার থেকে ইয়াবাগুলো ভোররাতে নিয়ে আসা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো রিসিভ করে নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত