সাটুরিয়ার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিয়ে বন্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক দিনে ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম ও নবম শ্রেণির দুই ছাত্রী। গতকাল শুক্রবার দুই কনের বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান। চলছিল দুপুরের প্রীতিভোজ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও পর্যায়ক্রমে দুই কনের বাড়িতে গিয়ে হাজির হন। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই বরসহ লোকজন সটকে পড়েন।

একটি বাল্যবিয়ে হচ্ছিল বালিয়াটি ইউনিয়নের বাহ্রা গ্রামে। যেখানে অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে হাজিপুর বাগানবাড়ি গ্রামের ট্রাকচালক ইকবালের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। অন্যদিকে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছিল হরিরামপুর এলাকায়। ইউএনও পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই বিয়েবাড়িতে হাজির হলে দুই বরসহ অন্যান্য লোকজন পালিয়ে যায়। তবে মেয়ে দুটির অভিভাবক ১৮ বছরের আগে বিয়ে দেবেন না– এমন মুচলেকা দিয়েছেন। আর বরের পক্ষ পালিয়ে গেলেও তাদের ঠিকানা বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত