মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব শুরু কাল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১১ এএম

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে আগামীকাল শুরু হচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ইভ্যালি সেলুলয়েডে ৭১’। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দিলদার হোসেন বলেন, সাত দিনব্যাপী এই মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব রাজধানীর শাহবাগের জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় উৎসবটির উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর উৎসবটির আয়োজন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সাত দিনের এই উৎসবে প্রদর্শিত হবে চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন, সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী, নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল, আলমগীর কুমকুমের আমার জন্মভূমি, হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি, নাসির উদ্দীন বাচ্চুর গেরিলা ও তৌকীর আহমেদের জয়যাত্রা। এ ছাড়াও প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, সেই রাতের কথা বলতে এসেছি, দেশে আগমন, একজন মুক্তিযোদ্ধা ও নট এ পেনি নট এ গান। প্রদর্শনীতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দিলদার হোসেনের ‘দহনবেলা’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার দেওয়ান নজরুল, ইভ্যালির সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন আকাশ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত