মুক্তিযুদ্ধের গল্পে লিজার ‘তোমার স্মৃতিটুকু’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৭ পিএম

সময়টা দারুণ কাটছে সংগীত তারকা লিজার। আজ এখানে তো, কাল ওখানে।  দেশে কিংবা দেশের বাইরে নিয়মিত গান গাইছেন তিনি। কখনো স্টেজে দর্শক মাতাচ্ছেন, আবার কখনো সুন্দরী নায়িকার ঠোঁটে নিজের গানে মোহিত করছেন দর্শকদের। নিজেও কম যান না, এরই মধ্যে নিজের গানের ভিডিওতে নেচে-গেয়ে আরেক লিজার রূপ দর্শকের সামনে মেলে ধরেছেন। এত ব্যস্ততার মাঝেও নতুন গান তুলতে ভুলে যাননি তিনি।

১৫ ডিসেম্বর আসছে লিজার নতুন গান-ভিডিও। গানের শিরোনাম ‘তোমার স্মৃতিটুকু’। কার স্মৃতিটুকু নিয়ে বিভোর লিজা? এর উত্তর পাওয়া যাবে রবিউল ইসলাম জীবনের  কাব্য কথায়, আকাশ সেনের সুর আর সাজিদ সরকারের সংগীতায়োজনে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

প্রেম, বিরহ, ত্যাগ আর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং পায়েলিয়া পায়েল।

নতুন এই গান নিয়ে কতটা আশাবাদী? উত্তরে লিজা বলেন, যে গানটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায় করিনি। কারণ মনের মতো একটা গান করার চেষ্টা করেছি। শ্রোতার পছন্দের সঙ্গে আমার পছন্দের মিশেলে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিও শ্রোতা-দর্শকদের হৃদয় নাড়া দেবে। আমার বিশ্বাস, দীর্ঘদিন টিকে থাকার মতো গান ‘তোমার স্মৃতিটুকু’।

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত