বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার দুপুরে শহরের মণ্ডলপাড়া থেকে মহানগর যুবদলের সভাপতি ও সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি মিছিল নগরী প্রদক্ষিণ করে গলাচিপা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মিডনাইট সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্যই অবৈধ ভাবে খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। আইনগত ভাবে খালেদা জিয়া মুক্তি পাওনা হলেও নতজানু আজ্ঞাবহ দলীয় বিচারকদের কারণে মুক্তি পাচ্ছেন না। শুধুমাত্র পরাধীন বিচার ব্যবস্থার কারণেই খালেদা জিয়া আজ কারাবন্ধী।
তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই বাংলাদেশকে জালিম মুক্ত করা ও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সরকার পতনের এক দফার আন্দোলনে শরিক হওয়ার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে খোরশেদ বলেন, শুধু খালেদা জিয়াকে মুক্ত করার জন্য নয়, দেশবাসীকে অধিকার ফিরেয়ে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পরতে হবে।
বিক্ষোভ সভা শেষে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয়ে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নেতা-কর্মীদের দুই হাত তুলে শপথ গ্রহন করান।
