সাংবাদিকদের খাবার পরিবর্তন করছে বিসিবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ পিএম

বিপিএল কাভার করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিকরা। গত বুধবার শুরু হয়েছে বিপিএলের সপ্তম আসর। শুক্রবার পর্যন্ত তিন দিনে অন্তত ৩০ সংবাদকর্মীর অসুস্থতার খবর মিলেছে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেছেন, তাৎক্ষণিকভাবে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান বদল করতে বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে ব্যবস্থাপনারও বদলের কথা জানিয়েছেন তিনি।

যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা সিরিজ, কিংবা বিপিএলের মতো ঘরোয়া বড় আসরে সাংবাদিকদের জন্য খাবারের ব্যবস্থা রাখে বিসিবি। প্রেসবক্সে কাজের জন্য এই সময়টাতে রোজই প্রায় ১১ থেকে ১২ ঘণ্টা মাঠে থাকতে হয় ক্রিকেট সংবাদকর্মীদের।

দুপুর এবং সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়। এবার খাবার পরিবেশনের কাজ করছে সেভেন হিলস নামের একটি রেস্তোরাঁ। কিন্তু এই প্রতিষ্ঠানের খাবার নিয়েই প্রশ্ন উঠেছে।

নাজমুল হাসান পাপন অভিযোগের ব্যাখ্যায় বলেছেন, ‘প্যাকেটে যদি অনেকক্ষণ খাবার থাকে তখন সমস্যা হয়। এটা ওরা ১২টার মধ্যে পৌঁছে দেয়। কেউ যদি ৩-৪ টার দিকে খেতে যায় এখানে সমস্যা হতেই পারে। তাৎক্ষণিকভাবে ওই জায়গাটা (খাবার পরিবেশনাকারী প্রতিষ্ঠান) বদল করতে বলা হয়েছে।’

এ ছাড়া ভবিষ্যতে ব্যবস্থাপনার বদলের কথা জানিয়ে বিসিবি বস বলেন, ‘সময় নির্ধারণ করে দেওয়া হবে। খাবার তো আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। সময় থাকবে ১টা থেকে ৩টা পর্যন্ত বা সাড়ে ১২টা থেকে ৩ টা পর্যন্ত। এর মধ্যেই আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করব। আমরা বৈষম্য করতে চাই না। প্রেসিডেন্ট বক্সে ঢাকা ক্লাব থেকে খাবার আসে। ওখানেও আসবে এবং আমরা বলেছি বুফে সার্ভ করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত