পাকিস্তান সফর

নিরাপত্তার সবুজ সংকেত পেতে আশাবাদী বিসিবি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:২১ এএম

দশ বছর পর পাকিস্তানে এখন টেস্ট খেলছে শ্রীলঙ্কা। এরপর জানুয়ারির শেষের দিকে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো সফর নিশ্চিত করা হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, পাকিস্তান সফর করা না করার ব্যাপারে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্বাধীনতা থাকবে।

আইসিসির এফটিপি (ফিউচার টু¨র প্রোগ্রাম) অনুসারে পাকিস্তানে চ্যাম্পিয়নশিপের টেস্ট খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। তবে সেই সফর নিশ্চিত করার আগে সরকারের অনুমোদন লাগবে। এছাড়া নিরাপত্তা পরিদর্শকদের প্রতিবেদনের ওপরও অনেক কিছু নির্ভর করছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা সরকারের কাছে নিরাপত্তার ব্যাপারে ছাড়পত্র পাব কি-না জানতে চেয়ে আবেদন করেছিলাম। মেয়েদের জাতীয় দল পাকিস্তানে খেলে এসেছে। ছেলেদের জন্য ছাড়পত্র এখনো আমরা পাইনি। যদি আমাকে নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে বলব অনূর্ধ্ব-১২ হোক বা জাতীয় দল– নিরাপত্তা নিরাপত্তাই; সবার জন্য একই হওয়ার কথা। তাই ধরে নিচ্ছি, আমরা নিরাপত্তা ছাড়পত্র পেয়ে যাব।’ ক্রিকেটারদের যাওয়ার স্বাধীনতার ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘খেলোয়াড়দের মতামতও গুরুত্বপূর্ণ। তারা যেতে চায় কি-না। এখানে অনেকগুলো ব্যাপার আছে। বোর্ডের সিদ্ধান্তেরও ব্যাপার আছে। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই আমরা সবাই বসব। আশা করি আগামী ৪-৫ দিনের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত