নেহরু-গান্ধী পরিবার নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার পায়েল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৭ পিএম

নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় বলিউড অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অক্টোবরে টুইটারে একটি ভিডিও পোস্টে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, তার স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পায়েল।

এর জেরে রাজস্থানের বুন্দির যুব কংগ্রেসের এক নেতা চর্মেশ শর্মা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

বুন্দির পুলিশ সুপার মমতা গুপ্ত বলেন, ‘আমদাবাদ থেকে পায়েলকে আটক করা হয়েছে। সোমবার সকালে বুন্দিতে নিয়ে আসা হবে তাকে। নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে কু-মন্তব্য করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এদিকে পায়েলের দাবি, আটক নয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তার বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

এই অভিনেত্রীর টুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘গুগল থেকে তথ্য সংগ্রহ করে মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তার জন্য রাজস্থান পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। এ দেশে বাকস্বাধীনতা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

এর আগেও বেফাঁস মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন পায়েল। এ বছরের শুরুতে রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের চামচা’ বলে উল্লেখ করেন তিনি।

দিল্লিতে মুঘল সম্রাটদের নামে রাস্তাগুলোকে হিন্দু রাজাদের নামে করার দাবিও তুলেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত