সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হলেও তার ব্যতিক্রম ছিল না মৌলভীবাজারের কমলগঞ্জ। কিন্তু উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।
সরেজমিনে দেখা যায়, ১৬ ডিসেম্বর সকাল ১১টা হওয়ার পরেও উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন আলোক সজ্জিত থাকলেও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সেই সাথে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও নেই জাতীয় পতাকা উত্তোলিত।
উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসেও দায়সারাভাবে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজয়ের দিনে সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা জানাই।’
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পনিরুজ্জামান বলেন, ‘আমাদের অফিসে জাতীয় পতাকা টাঙানোর প্রয়োজন নেই। ইউএনও স্যারের অফিসে টাঙালেই চলে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় সকল সরকারি দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলন ও মহান বিজয় দিবস সম্পর্কে অবহিত করা হয়েছে। তারপরও কেন সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা খতিয়ে দেখা হবে।’
