দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৮ পিএম

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কাদের মোল্লাকে শহীদ বলা জাতির সঙ্গে ধৃষ্টতা বলে জানান হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত  বিজয়ের ওপর  কালিমা লেপনের শামিল।’

সোমবার বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া কাদের মোল্লাকে শহীদ বলায়  পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন কেন বাতিল হবে না, মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) ও জেলা প্রশাসন থেকে এরই মধ্যে  কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে এক চুলও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে লাখো শহীদের রক্তে স্বাধীন এ দেশে স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতার কোনো ছাড় নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে আগুয়ান বাংলাদেশে আজ স্বাধীনতার ৪৯ বছর পরও মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি, যারা দেশটাই চায়নি, তাদের রাজনীতি, তাদের আস্ফালন মেনে নেওয়া যায় না। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত