বিজয় দিবসে সরকারি দপ্তরে ওড়েনি জাতীয় পতাকা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৬ এএম

সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় গতকাল সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

সরেজমিনে গতকাল বেলা ১১টায় দেখা যায় উপজেলা প্রশাসনিক ভবন আলোকসজ্জিত থাকলেও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সেই সঙ্গে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে দায়সারাভাবে।

এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন ড়্গোভ জানিয়ে বলেন, ‘বিজয়ের দিনে সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যন্ত দুঃখজনক। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা জানাই।’ এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পনিরুজ্জামান বলেন, ‘আমাদের অফিসে জাতীয় পতাকা টাঙানোর প্রয়োজন নেই। ইউএনও স্যারের অফিসে টাঙালেই চলে।’ জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় সব সরকারি দপ্তরকে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে এবং কীভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে সে বিষয়েও অবহিত করা হয়েছে। তার পরও কেন সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা খতিয়ে দেখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত