কক্সবাজারে রিসোর্টে অস্ট্রেলিয়ান নারীকে ধর্ষণের চেষ্টা, আটক ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৫ পিএম

কক্সবাজারের রামুতে একটি রিসোর্টে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে রামুর প্যাঁচার দ্বীপ এলাকার ‘গুড ভাইব কটেজ’ নামের একটি রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্যাঁচার দ্বীপ এলাকার কলিম উল্লাহর ছেলে আনচার উল্লাহ (২৪) আবদুল মুনাফের ছেলে আব্দুল গফুর (২০)। ঘটনার সঙ্গে জড়িত বেলাল উদ্দিন (২৫) নামের আরও একজন পলাতক রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাতে কটেজে ঘুমানোর সময় অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই পর্যটক জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চান। এর প্রেক্ষিতে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় ওই সময় অস্ট্রেলিয়ান নারী পর্যটক ধস্তাধস্তিতে আহত হওয়ায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছেন।

রামু থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ওই পর্যটক বা অস্ট্রেলিয়ান হাইকমিশন মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘শনিবার অনলাইনের মাধ্যমে রুম বুকিং দিয়ে অস্ট্রেলিয়ান ওই নারী ‘গুড ভাইব কটেজে’ ওঠেন’।

ইকবাল আরও বলেন, ‘যেহেতু ঘটনাটি পর্যটন সংশ্লিষ্ট তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে’।

এ ব্যাপারে ওই কটেজের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত