নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি ডাবল ডেকার বাসগুলো পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্বার নেত্রের ব্যানারে তরুণ-যুবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টায় শহরের মোক্তারপাড়া মাঠ থেকে তারা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন মিছিলকারীরা। এ সময় আন্দোলনকারীরা বিআরটিসি বাসগুলো পুনরায় চালু করার দাবি জানান। অন্যথায় সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
গত ১০ ডিসেম্বর নেত্রকোনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ডাবল ডেকার বাস চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাস মালিক ও শ্রমিকদের বাধায় তা বন্ধ হয়ে যায়।
