নরসিংদীতে টেঁটা যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ এএম

‘টেঁটাযুদ্ধ বন্ধ চাই। চরাঞ্চলে শান্তি চাই’ এই স্লোগান নিয়ে নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলীপুরা গ্রামে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রামের প্রধান সড়কে আলীপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে গ্রামের টেঁটাযুদ্ধ বন্ধের দাবি জানানো হয়।

সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের বিরোধের জেরে গত ৯ ডিসেম্বর সকালে এক পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। এ সময় টাকা, স্বর্ণালংকার, গরু-ছাগল ও গোলার ধানসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ শতাধিক টেঁটা উদ্ধার করে। সংঘর্ষের পর থেকে গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে টেঁটাযুদ্ধ বন্ধের দাবিতে গ্রামের শান্তিপ্রিয় মানুষ মানববন্ধন করেন।

মানববন্ধনে বৃদ্ধ আমির হোসেন বলেন, টেঁটাযুদ্ধের পর মামলা মোকদ্দমা চালানোর কথা বলে প্রতিঘর থেকে মোটা অঙ্কের চাঁদা তোলা হয়। কেউ টেঁটাযুদ্ধে লিপ্ত হতে না চাইলে, সেই পরিবারকে তিনগুণ হারে চাঁদা দিতে হয়। অন্যথায় টেঁটাযুদ্ধে লিপ্ত হতে বাধ্য করা হয়। নয়তো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আলীপুরা গ্রামের বাসিন্দা বুকে টেঁটাবিদ্ধ হয়ে আহত বহর উদ্দিন, কামাল মিয়া, নাসির উদ্দিন, আবুল হোসেন, জামাল জামালদি, গোলজার হোসেন, আমির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত