জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের (আনকাক) নির্দেশনা অনুসারে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্নীতিলব্ধ পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে কিছুটা অগ্রগতি করেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, দেশের ভেতরে দুর্নীতিবাজদের সম্পদও জব্দ করছে সংস্থাটি। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্য এইটথ সেশন অব দ্য কনফারেন্স অব দ্য স্টেট পার্টিজ টু দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশনের (আনকাক) সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নেয়। দুদকের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, কয়েকটি অর্থপাচার মামলায় দুদক সিঙ্গাপুর থেকে টাকা ফেরত এনেছে। তিনি জানান, সিঙ্গাপুর থেকে ২০ লাখ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যকে ৩ লাখ মার্কিন ডলার উদ্ধার করে দিয়েছে বাংলাদেশ।
দুদক চেয়ারম্যান জানান, কমিশনের মামলার সাজার হার বৃদ্ধির মাধ্যমে এর কাজের ধারাবাহিক মানোন্নয়ন ঘটছে। ২০১১ সালে কমিশনের মামলায় সাজার হার ছিল মাত্র ২০ শতাংশ, যা ২০১৯ সালে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে।
