প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করা এবং এর পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সারা দেশে প্লাস্টিকমুক্ত পর্যটন এলাকা নিশ্চিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেড়্গিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চার সপ্তাহের মধ্যে পর্যটন সচিব, পরিবেশ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জুলহাস উদ্দিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার নির্দেশনা চেয়ে সম্পªতি ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’ নামে একটি ফেইসবুক গ্রুপের সংগঠনের পক্ষে রিট আবেদনটি করা হয়।
গত অক্টোবর মাসে ট্রাভেলার্স অব বাংলাদেশ সেন্টমার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সেখান থেকে ৫৫৫ কেজি প্লাস্টিক জাতীয় বর্জ্য উদ্ধার করে। এরপর আবেদনটি করা হয়।
