খুবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ এএম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। ১৩টি পদের সব কটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল।

মঙ্গলবার রাতে খুবি শিক্ষক সমিতির কার্যনিবার্হী পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ‘বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল’ থেকে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এই পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ সমর্থিত প্যানেল’ থেকে রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা (১৪৫) ভোট পেয়েছেন। বিএনপিপন্থী শিক্ষকদের ‘ন্যাশানালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন সমর্থিত প্যানেল’ থেকে সভাপতি পদে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মো. খসরুল আলম ৫৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ সমর্থিত প্যানেল’ থেকে ফার্মেসি ডিসিপ্লিনের  প্রফেসর ড. আশীষ কুমার দাস ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ‘বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল’ থেকে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. তরুণ কান্তি বোস ১৩০ ভোট এবং বিএনপিপন্থী ন্যাশানালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন সমর্থিত প্যানেল থেকে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরিফ মোহাম্মদ খান ৮০ ভোট পান।

ভোট গণনা শেষে মঙ্গলবার রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তিনটি প্যানেল থেকে সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামীপন্থী দুটি প্যানেল ও বিএনপিপন্থী একটি প্যানেল। মোট ৪৪৪ ভোটারের মধ্যে ৩৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ‘বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত প্যানেল’ থেকে সভাপতি, সহ-সভাপতিসহ মোট ২টি পদে জয়লাভ করেন। সহ-সভাপতি পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মো. শরীফ হাসান লিমন নির্বাচিত হন।

এদিকে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ সমর্থিত প্যানেল’ থেকে সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে জয়লাভ করেন।

নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আখতার, কোষাধ্যক্ষ ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. উৎপল কুমার কর্মকার, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. নাদিমুদৌলা, প্রকাশনা সম্পাদক রসায়ন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সুমন চক্রবর্তী, এবং কার্যকরী সদস্য পদে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান, ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. উম্মুল হাসনাত রুহিনা জেসমিন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার দাস, আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথ ও ফিশাারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শাহিন পারভেজ।

অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থী ন্যাশানালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন সমর্থিত প্যানেলের’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত