ক্যাম্প ন্যুতে রিয়ালের মুখোমুখি হওয়া কঠিন: মেসি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:১৫ এএম

মৌসুমের প্রথম ক্লাসিকো লড়াইয়ে নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। ম্যাচটির আগে কাতালান ক্লাবটির অধিনায়ক লিওনেল মেসি জানালেন, নিজেদের মাঠ তথা ক্যাম্প ন্যুতে রিয়ালের মুখোমুখি হওয়াটা তুলনামূলক কঠিন।

ক্যাম্প ন্যুতে বুধবার বাংলাদেশ সময় রান পৌনে দুইটায় লা লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে একেবারে কাছাকাছি অবস্থান করায় ম্যাচটি উভয় দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দলের পয়েন্টই ৩৫ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা; দ্বিতীয়স্থানে রিয়াল।

২০১৬ সালের পর থেকে কাতালান ক্লাবটির মাঠে একবারও জয় পায়নি রিয়াল। এরপরও নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াটা কঠিন মনে হয় মেসির কাছে।

এ ব্যাপারে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কাকে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, “আমরা যখন বের্নাবেউয়ে (রিয়ালের মাঠে) খেলি তখন আক্রমণে যাওয়ার জন্য অনেক জায়গা পাওয়া যায়। স্বাগতিক দল হওয়ায় বাধ্যবাধকতা থেকে তারা বেশি আক্রমণ করে। এ জন্য সমর্থকরাও তাদের তাড়িত করে।”

“ক্যাম্প ন্যুতে তারা অন্য ধরনের খেলা খেলে। এটকু বেশি রক্ষণে অবস্থান নেয়। তারা আঁটসাঁট থাকে এবং পাল্টা আক্রমণে যায়। কারণ দ্রুত দৌড়াতে উপরের দিকে তাদের এমন খেলোয়াড় থাকে। বের্নাবেউয়ে আমরা ৯০ মিনিট জুড়েই একইরকম খেলা খেলি। এখানে ম্যাচটা একটু বেশি বদ্ধ থাকে এবং একটু বেশি কঠিন হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত