রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় লজ্জিত ডাকসু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১০ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় লজ্জা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লজ্জা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তি আমাদের লজ্জিত করেছে। মুক্তিযোদ্ধাদের নাম যখন রাজাকারের তালিকায় প্রকাশ করা হয় তখন আমরা মনে করি এটি ক্ষমার অযোগ্য অপরাধ।

এ বিষয়ে সাদ বিন কাদের চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, প্রকাশিত তালিকা ত্রুটিপূর্ণ। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকাটা খুবই হতাশাজনক। ডাকসুর পক্ষ থেকে এই তালিকার সংশোধন দাবি করছি।

তালিকা প্রকাশের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত