মিটু কেসে জিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন জাপানের এক নারী সাংবাদিক।
দেশটির প্রভাবশালী এক টিভি সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন শিউরি ইতু নামে ওই তরুণী।
বিবিসি জানায়, ২০১৫ সালে ওই নারী সাংবাদিককে ধর্ষণ করার অভিযোগ উঠে জাপানের প্রখ্যাত টিভি সাংবাদিক নরিয়ুকি ইয়ামাগুচির বিরুদ্ধে।
তবে শিউরি তার অভিযোগের স্বপক্ষে উপযুক্ত প্রমাণপত্র হাজির করতে না পারায় আদালত সেটিকে ফৌজদারি হিসেবে না নিয়ে দেওয়ানি মামলা হিসেবে গ্রহণ করে।
তবে সেই মামলায় জিতেছেন শিউরি। আদালত নরিয়ুকিকে ৩৩ লাখ ইয়েন (৩০ হাজার ডলার) অর্থদণ্ড দিয়েছে। সেই টাকা পাবেন শিউরি, বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখেরও বেশি টাকা।
জাপানের মিটু আন্দোলনের আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন শিউরি। দেশটিতে যৌন নিপীড়নের তেমন কোনো অভিযোগ উঠে না বললেই চলে, সেখানে এই মামলা বেশ আলোড়ন তুলে।
৩০ বছর বয়সী শিউরি বলেন, আমি খুব খুশি। মামলায় জেতায় তিনি বিজয় চিহ্ন প্রদর্শনও করেন।
এদিকে এক প্রতিক্রিয়ায় নরিয়ুকি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।
