রোহিত-রাহুলের জোড়া সেঞ্চুরিতে উইন্ডিজের লক্ষ্য ৩৮৮

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৪১ পিএম

চেন্নাইতে সিরিজের প্রথম ওয়ানডেতে শিমরন হেটমায়ার ও শেই হোপ ঝড় তুলেছিলেন। যে ঝড়ে ভারতকে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার বিশাখাপত্তনমেতে হেটমায়ার ও হোপের খেলাটাই খেললেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। এই দুজনের সেঞ্চুরিতে ভারত ক্যারিবীয়দের দিল ৩৮৮ রানের বিশাল লক্ষ্য।

দিবারাত্রির ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। রোহিত ও রাহুল ওপেনিং জুটিতেই যোগ করেন ২২৭ রান। এই দুজন ফেরার পর ঝড় তুলেছিলেন শ্রেয়াস আয়ার ও রিশভ পন্ত। যা স্বাগতিকদের ৫ উইকেটে ৩৮৭ রানের পুঁজি গড়ে।

ক্যারিবীয়রা প্রথম উইকেটের দেখা পেল ভারতের ইনিংসের ৩৭তম ওভারে। ততক্ষণে রোহিত-রাহুলের যা করার করে ফেলেছেন। ১০৪ বলে ১০২ রান করে আলজারি জোসেফের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ৮ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।

রাহুল ফেরার পর বিরাট কোহলি ক্রিজে নামেন। কিন্তু প্রথম বলেই ডাক মেরে ফেরেন তিনি। এরপর শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে রোহিত এগিয়ে যান।

শেষ পর্যন্ত ১৫৯ রান করে শেলডন কটরেলের বলে আউট হন রোহিত। ‘হিটম্যানখ্যাত’ এই ব্যাটার নিজের ইনিংস সাজান ১৭ চার ও ৫ ছক্কায়।

রোহিত-রাহুলের তৈরি করে দেওয়া মঞ্চে এরপর আগুন ঝরান আয়ার ও পন্ত। ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন পন্ত। আয়ারের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫৩ রান। তিনিও পন্তের মতোই ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন কটরেল।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় উইন্ডিজ। সিরিজে সমতা আনতে ভারতের জয়ের বিকল্প নেই এ ম্যাচে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত