ভিপি নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের পাল্টাপাল্টি মামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন শাহবাগ থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। বুধবার বিকেলে শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করা হয়।

মামলা দায়েরের বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সাংবাদিকদের নিশ্চিত করেন।  

ভিপি নুরের মামলার এজহারে বলা হয়, মঙ্গলবার ভিপি নুরদের সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী হামলা চালায়। পরপর দুবারের হামলার শিকার হয়ে ডাকসু ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আহত হন ১৪ জন। ৩০-৩৫ জন হামলায় অংশ নিলেও এদের নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন, মিজানুর রহমান পিকুল, খোকন মিয়া, তুর্য্যসহ কয়েকজন।  

অন্যদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের পূর্বনির্ধারিত সমাবেশে চাপাতি, রামদা, রড নিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে হামলা করে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। 

এতে তাদের প্রায় ১০ কর্মী আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুপক্ষই অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত