মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জেলার ৫৭ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। পুলিশ লাইনসে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মমিন উল্যাহ পাটোয়ারী বলেন, ‘আজ রাজাকার মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যাচ্ছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কেন এতে বিতর্কের সৃষ্টি করা হচ্ছে; অদ্ভুত লাগে। বিষয়টি নিয়ে এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়কে দোষারোপ করছে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আরও দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়োজন ছিল।’ তিনি বলেন, ‘আমাদের সাফল্য এই জায়গায়, আমরা যুদ্ধ করেছি এবং স্বাধীনতা লাভ করেছি। আমরা সম্মাননা কিংবা সার্টিফিকেট পাওয়ার জন্য যুদ্ধ করিনি।’ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
