লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। গতকাল বুধবার বিকেলে উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শেখের কিল্লা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় সরকারের এ পরিকল্পনার কথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
১৯৭২ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ অবকঠামো উন্নয়ন পরদির্শনে এসে লক্ষ্মীপুরের রামগতিতে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন।
এ সময় তিনি নিজে মাটি কেটে ওই কিল্লা তৈরির কাজ শুরু করেন। তখন থেকে কিল্লাটি শেখের কিল্লা নামে পরিচিত।
পরিদর্শন শেষে স্থানীয় গুচ্ছগ্রাম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে বেলা সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এ ছাড়া সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মেজর (অব.) আব্দুল মান্নান, সাবেক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী প্রমুখ।
