আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের কোনো নেতার কাছে আমার দায় নেই। এখন যার যার কর্মফল অনুযায়ী সে সে ফল পাবে। গতকাল বুধবার গণভবনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলের নেতাদের ব্যাপারে শেখ হাসিনা এ মন্তব্য করেন বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে আওয়ামী লীগ নেতারা বলেন, তিনি বলেছেন, এই দলের জন্য যারাই যা করেছে বিনিময়ও পেয়েছে। আমি সবাইকে দিয়েছি। এখন যার যার কর্মফল অনুযায়ী সে সে ফল পাবে। তারা দেশ রূপান্তরকে বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, বঞ্চনা-গঞ্জনার ব্যাপার আর নেই। যে যেমন করেছ সে ফল
পাবে তেমন।’
আওয়ামী লীগ নেতারা আরও বলেন, দলের কেন্দ্রীয় নেতারা যখন ক্ষমা চেয়ে বক্তব্য রাখছিলেন তখন শেখ হাসিনা বলেন, তোমরা কি বিদায়ী ভাষণ রাখছ, তাহলে আজকেই বিদায় নিয়ে নাও। এ সময় বক্তব্য রাখেন মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মির্জা আজমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
তারা আরও জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদের এই সভায় সিদ্ধান্ত হয়েছে দলে সহ-সম্পাদক পদ আর থাকবে না। সব সম্পাদকীয় পদে একজন চেয়ারম্যান, সদস্য সচিব ও পাঁচজন করে সদস্য থাকবেন। তবে তা অবশ্যই দলীয় সভাপতির অনুমতি নিয়ে নিয়োগ দিতে হবে। সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ জনের স্থলে ৫১ সদস্যের করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় শেখ হাসিনা জানান।
কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আলাদা পাঁচ মিনিট কথা বলেন দলীয়প্রধান। সভায় দলের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদের কাজে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন শেখ হাসিনা। কার্যনির্বাহী সংসদের এই সভা আগামী শুক্রবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার মধ্য দিয়ে শেষ হবে এই কমিটির মেয়াদকাল।
