মাঠে চলছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আর বাইরে পুলিশ-জনতার ব্যাপক সংঘর্ষ। বুধবার স্পেনের বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু’তে এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, মৌসুমের প্রথম এল ক্লাসিকোর ঐতিহাসিক ম্যাচটি ঘিরে রাস্তায় নামে কাতালান স্বাধীনতাকামী জনগণ। ভেতরে ম্যাচ চললেও বাইরে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আহত হয় ৪৬ জন। পুলিশ ৯ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার কেউ ম্যাচটিতে জেতেনি বা হারেনি।

এল ক্লাসিকোর ম্যাচটি হওয়ার কথা ছিল ২৬ অক্টোবর। সেসময় স্পেনের এই কাতালান অঞ্চলের বেশ কয়েকজন স্বাধীনতাকামী নেতাকে পুলিশ গ্রেপ্তার করলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেয়। তখন স্প্যানিশ ফুটবল ম্যাচটি প্রায় দু’মাস পিছিয়ে দেয়া হয়।
ম্যাচ পেছালেও স্বাধীনতাকামী মানুষদের বিক্ষোভ ঠেকানো যায়নি। মাঠের বাইরে সংঘর্ষ তো ছিলই, ভেতরেও ছিল স্বাধীনতার স্লোগান।
খেলা দেখতে আসা দর্শকেরা কাতালানের স্বাধীনতার দাবিতে ব্যানার প্রদর্শন করেন। কাতালানের নিজস্ব পতাকায় ঢাকা ছিল পুরো স্টেডিয়াম। ব্যানারে লেখা ছিল ‘স্পেন সিট অ্যান্ড টক’।
ম্যাচটি মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে কাতালোনিয়ার স্বাধীনতা চেয়ে স্লোগান তোলে সমর্থকরা। মাঠের বাইরে সংঘর্ষ চলাকালীন দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের জন্য খেলা থামাতে হয়। এ সময় কিছু সমর্থক স্বাধীনতাকামী নেতাদের মুক্তি চেয়ে স্লোগান তোলার পাশাপাশি মাঠে বীচ বল নিক্ষেপ করে।
