গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারের দরগারচালা সড়কে আগুনে চারটি দোকান ও একটি বাড়ির একটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আল আমিন জানান, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনে বাজারের দুটি কনফেকশনারির দোকান, একটি ফার্মেসিসহ চারটি দোকান ও বাজার লাগোয়া বসতবাড়ির একটি ঘর পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত।
