বিজয় দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা সভা ও দোয়া

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:১১ পিএম

বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের ইউছুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য মন্ত্রী ও ঢাকা-২ আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম, হামদর্দের চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী গোলাম রহমান, ভাইস চেয়ারম্যান ডা. একে আজাদ খান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু তাহের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক মো. আনিসুল হক, অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, লে. কর্নেল মাহবুব আলম চৌধুরী, মেজর (অব.) ইকবাল মাহমুদ চৌধুরী, ডা. হাকীম নার্গিস মারজান।

অনুষ্ঠানে হামর্দদের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধী মানুষকে সাধারণ ক্ষমা করেন জিয়াউর রহমান। অথচ এই মানুষগুলো বাংলাদেশের জন্ম হোক সেটাই চাননি। যা কর্মের মাধ্যমে এখনো তারা প্রমাণ দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি ফারুক-রশিদ-মোস্তাক ও জিয়াউর রহমান স্বাধীনতায় বিশ্বাস করতেন না। তারা যুদ্ধে গিয়েছিলেন পিঠ বাঁচাতে। কারণ তারা যদি তখন ভারতে গিয়ে যুদ্ধের প্রস্তুতি না নিতেন তাহলে পাক হানাদার বাহিনী তাদের এমনিতেই হত্যা করত।

সভাপতির বক্তব্যে হাকিম ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে বঙ্গবন্ধুর আদর্শে তার স্বপ্নের সোনার বাংলা গড়ায় কাজ করে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত