চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিশন শুনানি নিয়ে তার আপিল আবেদন মঞ্জুর করে।
গত রবিবার জাপার প্রেসিডিয়াম সদস্য বাবলু ও গণফ্রন্টের প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরে ইসিতে আপিল করেন জাপা প্রার্থী। গতকাল জাপা নেতা বাবলু দেশ রূপান্তরকে বলেন, ‘আমি সংক্ষুব্ধ ছিলাম, আমার প্রার্থিতা ফিরে পেতে আমি আপিল করেছি। আমার আইনজীবী আমার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ সকল কমিশনার বসে আমার পক্ষে রায় দিয়েছেন।’
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও থানা নিয়ে গঠিত) আসনের উপনির্বাচনে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি। এ উপনির্বাচনে আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমদসহ ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন জাপার প্রার্থী নিয়ে ভোটের লড়াইয়ে থাকবেন সাতজন।
