বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে চাকঢালা এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মনির একই এলাকার বেলায়েত আলীর ছেলে। গতকাল শুক্রবার ভোররাতে সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের বড়ভাই শামশুল আলম বলেন, মনির তার ছোট মেয়েকে নিয়ে ধান মাড়াই ও পাহারা দিতে মাঠে যায়। কিছুক্ষণ পাহারা দেওয়ার পর ফিরে এসে ঘুমাতে গেলে বন্যহাতি আসার শব্দ শুনতে পায়। তখন মেয়েকে নিরাপদ স্থানে রাখতে যায়। এ সময় বন্যহাতি শুঁড় দিয়ে টেনে ও পা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মনিরের পরিবারের খোঁজখবর নেন এবং তার পরিবারকে খাবার ও শীতবস্ত্র তুলে দেন।
