শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হয়েছিল আবিদ আলির। সেঞ্চুরি হাঁকিয়ে নিজের প্রথম টেস্ট স্মরণীয় করার পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও তিন অঙ্কের দেখা পেলেন এই ওপেনার। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে শতক হাঁকানোর!
করাচি টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের পর পরই তিন অঙ্কের দেখা পান আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা আবিদ। ৭০ বলে অর্ধশতক পূর্ণ করা এই ব্যাটার শতক পূর্ণ করেন ১৩৭ বলে। হাঁকান ১৪টি চার ও একটি ছক্কা!
এর আগে লঙ্কানদের বিপক্ষে ড্র হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২০১ বলে ১১ চারে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন আবিদ।
করাচিতে আবিদের পথ ধরেই হাঁটছেন অপর ওপেনার শাদ মাসুদ। সেঞ্চুরির দিকে এগুচ্ছেন সেঞ্চুরির দিকে। তাদের অনবদ্য ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। যদিও প্রথম শ্রীলঙ্কা থেকে পিছিয়ে ছিল তারা।
পাকিস্তানের ১৯১ রানের জবাবে ২৭১ রান করেছিল শ্রীলঙ্কা।
