মুশফিকুর রহিম কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু পারেননি। চলতি বিপিএলে কেউই হাঁকাতে পারছিলেন না ব্যক্তিগত সেঞ্চুরি। সেই শূন্যতা কাটালেন সিলেট থান্ডারের ক্যারিবীয় ব্যাটসম্যান আন্ড্রে ফ্লেচার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটে ঝড় তোলেন ফ্লেচার। ২৬ বলে অর্ধশতক পূর্ণ করা এই ওপেনিং ব্যাটসম্যান সেঞ্চুরি পূর্ণ করেন ৫৩ বলে।
শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন ফ্লেচার। তার ৫৭ বলের ইনিংসটিতে ১১টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো। ফ্লেচারের সঙ্গে সমান তালেও ব্যাট চালিয়েছেন তার স্বদেশি জনসন চার্লস। উইকেট ছাড়ার আগে ৩৮ বলে ১১ চার ও পাঁচ ছক্কায় ৯০ রান করেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান।
তৃতীয় উইকেটে ফ্লেচার ও চার্লসের জুটিতে আসে ১৫০ রান। এই জুটিই গড়ে দেয় সিলেটের বড় সংগ্রহের ভিত।
চলতি বিপিএলে ফ্লেচারের আগে সবচেয়ে বেশি রানের ইনিংসটি ছিল খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিমের দখলে। চট্টগ্রামেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে দলের ৫ উইকেটের জয়ে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি।
