যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ফেলা হলো গর্তে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪ পিএম

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঢাকায় আওয়ামী লীগের সম্মেলন শেষে শুক্রবার রাত দেড়টায় আমিরগঞ্জ স্টেশন থেকে রায়পুরায় তার নিজ বাড়ি রহিমাবাদ যাওয়ার পথে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা তাকে মৃত ভেবে গর্তে ফেলে রেখে চলে যায়। তার গোঙানির শব্দ শুনে এক পথচারী তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে জেলা হাসপাতালে ও পরে সেখানে থেকে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রীতিরঞ্জন সাহা সমকালের সাবেক নরসিংদী প্রতিনিধি ও দৈনিক বর্তমান পত্রিকায় কর্মরত আছেন।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, ভিকটিমের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম, পিপিএম)।

তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত