হাজারো শিক্ষার্থী পেলেন ‘অসমাপ্ত আত্মজীবনী’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০১:০১ এএম

সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি তুলে দিয়ে শুরু হলো বই পড়–য়াদের সংগঠন ইনোভেটর আয়োজিত ‘জেলা পরিষদ, সিলেট, বইপড়া উৎসব’। গতকাল শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন হয়।

মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা, শিল্পী, লেখকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় গ্রন্থের নাম শেখ মুজিব। মুজিবকে না পড়লে, তার জীবন না জানলে বাঙালি জনমের অতৃপ্তই রয়েই যাবে। তারা বলেন, মুজিব পাঠ ছাড়া বাঙালি জীবন কখনোই সম্পূর্ণ হয় না। কেননা, শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তেগাঁথা। সাহসের জন্য, দ্রোহ, বিপ্লব আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব আর শৌর্যকে অন্তরে প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবকে অধ্যয়ন জরুরি। তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তারা বলেন, একজন আদর্শ বাঙালি হওয়ার স্বপ্ন দেখতে হলে সবার আগে শেখ মুজিবের জীবন, কর্ম ও আদর্শের পাঠ নিতে হয়। সেই লক্ষ্যে ইনোভেটরের এই উদ্যোগ একটি মাইলফলক। বক্তারা, তরুণ শিক্ষার্থীদের ইতিহাস ও তথ্য বিকৃতির বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল হক, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ ও শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত