ওয়াটফোর্ডের বিপক্ষেও হারল ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে তলানির দলটির নাম ওয়াটফোর্ড। রবিবার যে দলটার বিপক্ষেও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়াটফোর্ড লিগে মাত্র দ্বিতীয় জয় তুলে নিল ইউনাইটেডের মতো দলকে হারিয়ে।

এদিন প্রতিপক্ষের মাঠে ০-২ গোলে হেরেছে উলে গুনার সুলশারের ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে ওয়াটফোর্ড।

৫০ মিনিটে ইসমালিয়া সারে প্রথম গোল করেন ওয়াটফোর্ডের পক্ষে। চার মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ট্রয় ডিনি। ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেললেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। লিগে এটি পঞ্চম হার তাদের।

১৮ ম্যাচে ৬ জয়, ৭ ড্র ও ৫ হারে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ম্যানইউ। সবার তলানিতে থাকা ওয়াটফোর্ডের পয়েন্ট ১৮ ম্যাচে ১২। ২ জয়ের বিপরীতে ৬ ড্র ও ১০ হার তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত