বাগেরহাট বিএনপির কমিটি প্রত্যাখ্যান সদ্য বিদায়ীদের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ এএম

বাগেরহাটে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন সদ্য বিদায়ীরা। এ টি এম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক ও মোজাফফর রহমান আলমকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের ওই কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ ডিসেম্বর বাগেরহাট জেলা বিএনপির এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় বলে গতকাল রবিবার বিকেলে সদ্য বিলুপ্ত কমিটির নেতারা স্থানীয় সাংবাদিকদের জানান।

নতুন এ কমিটিতে সদ্য বিদায়ী জেলা কমিটির সভাপতি এম এ সালামকে ১ নম্বর সদস্য এবং তার অনুসারী অনেককেই সদস্য পদে রাখা হলেও জেলা বিএনপির বিদায়ী সভাপতি এম এ সালাম তা প্রত্যাখ্যান করে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। কমিটি ঘোষণার প্রতিবাদে গত শনিবার বিকেলে শহরের সরুই এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে কমিটি দিতে তার অনুসারীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন।

কেন্দ্র বাগেরহাটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির দুই পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে বাগেরহাটে বিএনপির চলমান রাজনীতিতে নেতৃত্ব সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা এই প্রতিবেদককে বলেন, ২০০৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এম এ সালাম দলের হাল ধরেন। সেই থেকে তিনি দলটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি দলের হাল ধরায় বিএনপির একসময়ের ত্যাগী অনেক নেতাকর্মীই তা মেনে নিতে পারেননি।

সদ্য বিলুপ্ত জেলা কমিটির সভাপতি এম এ সালাম তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, দুর্দিনে দলের হাল ধরেছিলাম। বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলনে এই নেতারা কোথায় ছিলেন। কমিটিতে স্থান পাওয়া অনেক নেতা নিষ্ক্রিয় ও প্রবাসী।

নতুন কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপিকে বাগেরহাটে কুক্ষিগত করে রেখেছিলেন আগের সভাপতি এম এ সালাম। এই কমিটির মধ্য দিয়ে বিএনপি তার ভারমুক্ত হলো। নতুন কমিটি আগামীতে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত