অমিতাভ জানালেন, জাতীয় পুরস্কার নিতে যাচ্ছেন না

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭ এএম

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চলতি আসর বসছে সোমবার। সেখানে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে অভিনয়ের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সাধারণত রাষ্ট্রপতিই বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। তবে এবারের অনুষ্ঠানে পরে যোগ দেবেন রামনাথ কোবিন্দ।

এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভক্তদের এই খবর দিয়েছেন। রবিবার টুইট করে বিগ বি জানান, “জ্বরে কাবু হয়ে পড়েছি। ভ্রমণের অনুমতি নেই। কাল দিল্লিতে জাতীয় চলচ্চিত্র উত্‍সবের অনুষ্ঠানে যেতে পারছি না। খুবই দুর্ভাগ্যজনক। দুঃখ হচ্ছে।”

ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর চলচ্চিত্র জগতের বিশিষ্টজনদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালু হয়েছে। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্নার মতো কিংবদন্তিদের এর আগে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সত্তরের দশক থেকে এখনো পর্যন্ত ফিল্মি দুনিয়ায় অপরিসীম অবদানের জন্য ভারত সরকার এবার বেছে নিয়েছে অমিতাভ বচ্চনকে। পদ্মভূষণ, পদ্মশ্রী আগেই পেয়েছিলেন তিনি। এবার মুকুটে যোগ হল আরও একটি পালক।

কয়েক সপ্তাহ আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৭৭ বছরের অভিনেতাকে। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর দুর্বল শরীর নিয়েই তিনি ক্রমাগত কাজ করে গিয়েছেন। শুটিং-এ ব্যস্ত থেকেছেন। সম্প্রতি স্লোভাকিয়ায় ‘চেহরে’র শুটিং শেষ করেছেন অমিতাভ। নভেম্বরে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের ৫০তম বর্ষের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নায়ক হয়েছেন আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশল। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘উরি’র আদিত্য ধর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত