জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ

মালদিনি খুলিত বাস্তেনদের কাউকে আনবে বাফুফে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:২২ এএম

দুই বার পিছিয়ে ১৫ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যার ফাইনাল হবে ২৫ জানুয়ারি। আর এই আসরের শুভেচ্ছাদূত হিসেবে একজন বিশ্ব তারকা উড়িয়ে আনতে চাইছে বাফুফে। এর মধ্যে একটা তালিকাও তার প্রস্তুত করেছে। যেখানে রয়েছেন ব্রাজিলের রোনালদিনহো, নেদারল্যান্ডসের কিংবদন্তি রুড খুলিত ও মার্কো ফন ভাস্তেন, ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো মালদিনি, আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবার মতো নাম। এদের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছে আসরের আয়োজন স্বত্ব পাওয়া কে-স্পোর্টস। ৪ জানুয়ারি আসরের ড্র অনুষ্ঠানের আগেই এদের মধ্য থেকে একজনকে শুভেচ্ছাদূত হিসেবে চ‚ড়ান্ত করতে চায় বাফুফে। ‘গত বছর বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় দুজন বিশ্ব তারকাকে শুভেচ্ছা দূত হিসেবে এনে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবারও তাই এরকম একজনকে আনতে চাই যার আগমন দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে,’ বলছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ড্র’র তারিখ চ‚ড়ান্ত হলেও এখনো দল চ‚ড়ান্ত করতে পারেনি বাফুফে। সোহাগ বলেন, ‘আমরা বাংলাদেশসহ মোট ছয় দল নিয়ে আসরটি আয়োজন করব। পাঁচটি বিদেশি দলের মধ্যে চারটি মোটামুটি নিশ্চিত হয়েছে। একটি দল তিন-চারদিনের মধ্যে চ‚ড়ান্ত করে একবারে সবার নাম ড্রয়ের দিন ঘোষণা করব।’ আসরটি প্রথমে হওয়ার কথা ছিল অক্টোবরে। সেটি পিছিয়ে নেওয়া হয় নভেম্বরে। কিন্তু দ্বিতীয়বারও আলোর মুখ দেখেনি আসরটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রীড়াঙ্গনের শুরুটা বঙ্গবন্ধু গোল্ডকাপ দিয়ে করার পরিকল্পনা সরকারের। এ কারণেই শেষবার পিছিয়ে জানুয়ারিতে নেওয়া হয়েছে এই আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত