কাল-পরশু গুড়িগুড়ি বৃষ্টির পরই নামবে শৈত্যপ্রবাহ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১৩ পিএম

সারাদেশে শীতের দাপট আপাতত কমে এসেছে। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে বুধ ও বৃহস্পতিবার গুড়িগুড়ি বৃষ্টির পর আবারও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ওই সময় দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুসকে উদ্ধৃত করে মঙ্গলবার বাসস জানিয়েছে।

দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ সারাদেশে গত ১৮ ডিসেম্বর রাত থেকে শীতের দাপট ছিল। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে।

রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধ ও বৃহস্পতিবারের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এরপর ২৭ অথবা ২৮ ডিসেম্বরের দিকে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এটি দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজারহাটে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল, রংপুর ও বদলগাছিতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সৈয়দপুর ও ডিমলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত