কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক চাপায় একই পরিবারের চারজনসহ সিএনজি অটোরিকশা আরোহী পাঁচজন নিহত হয়েছেন। নিহত অন্যজন অটোরিকশার চালক।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের উপজেলার ষোলদাগ পাওয়ার হাউসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী বাঘা উপজেলার সরেরঘাট গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক জালাল উদ্দিন (৩২), যাত্রী মা রুনা বেগম (২৬) ও ছেলে রিজভী (৭), রুনার স্বামী মেজবাহ (২২) এবং মেজবাহর মা মাহমুদা (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটিকে দ্রুতগতিতে আসা ট্রাক সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক এবং যাত্রী রুনা ও রিজভী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর বাকি দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ প্রকাশ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।
নিহত রুনা বেগম তার মায়ের বাড়ি ঝিনাইদহ থেকে বাঘা যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
